ফিলিস্তিনে ইসরাইল নির্মম গণহত্যা চালাচ্ছে : সাইফুল আলম খান মিলন

‘ইদানিংকালে বাহরাইনসহ কয়েকটি আরব রাষ্ট্র ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। কাজেই মুসলমানদের শত্রু তো আসলে মুসলমানরা নিজেরাই।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
রাজধানীর নাখালপাড়ায় হাজী রেস্তোরায় ইফতার মাহফিলে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন।
রাজধানীর নাখালপাড়ায় হাজী রেস্তোরায় ইফতার মাহফিলে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন। |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা ১২ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরাইল গণহত্যা চালাচ্ছে। মাহে রমজানের পবিত্র সময়ে খুবই বেদনাদায়ক অবস্থা হলো আমরা যখন ইফতার নিয়ে বসে আছি শান্তিপূর্ণভাবে, ঠিক সেই মুহূর্তে গাজায় ইসরাইল যুদ্ধবিরতি লংঘন করে পুনরায় বোমা হামলা করেছে, সেখানে প্রায় ৪৫০ জন নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছে।

তিনি বলেন, আজকে সেখানে খাদ্য নেই, পানি নেই, হাসপাতালগুলো বোমা মেরে ধ্বংস করে দেয়া হয়েছে এবং গাজাতে কোনো ত্রাণ ঢুকতে দেয়া হচ্ছে না। এসব কিছু করছে আমেরিকা এবং তার দোসর ইসরায়েল।

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর নাখালপাড়ায় হাজী রেস্তোরায় তেজগাঁও উত্তর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল কুরআন ও আমাদের সমাজ শীর্ষক এ আলোচনা ও ইফতার মাহফিলে থানা আমির ও ২৫ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আহসান উল্লাহ ও থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, কাফরুল উত্তর থানা নায়েবে আমির আলাউদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক, ইউনুস শেখ, ইঞ্জিনিয়ার মহসিন খান, সোলাইমান হোসেন, শূরা সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, হাবীব উল্লাহ বাহার, মাওলানা নুর উদ্দিন, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম ও কাজী মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় সাইফুল আলম খান মিলন বলেন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আবদার করে বলেছিলো গাজার জমিটা আমাকে দিয়ে দাও। আর ফিলিস্তিনিদের সৌদি আরব না হয় সোমালিয়ার মরুভূমিতে পাঠিয়ে দাও। এ যেন প্রাচীন যুগের জমিদারি বন্দোবস্ত। আজকে ফিলিস্তিনিরা নিজেদের আবাসভূমিতে বসতি করতে পারছে না। সেখানে আজকে আন্তর্জাতিক আইন ও চুক্তি লংঘন করে একটার পর একটা অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে। কিন্তু আমাদের যে আরব দেশগুলোর সোচ্চার হওয়ার কথা ছিলো, বলিষ্ঠ ভূমিকা রাখার কথা ছিলো, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে। তারা নিজেদের গদি ঠিক রাখার জন্য ব্যস্ত।

তিনি বলেন, আমরা দেখেছি ইদানিংকালে বাহরাইনসহ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। কাজেই মুসলমানদের শত্রু তো আসলে মুসলমানরা নিজেরাই।

তিনি আরো বলেন, মুসলমানরা আজকে নিজেদের কল্যাণের কথা বলে না, মুসলমানদের পক্ষে দাঁড়ায় না। সৌদি আরব নিজেদের টাকা আমেরিকাতে রাখে এবং সেটা দিয়ে আমেরিকা অস্ত্র বানায় আর সেই অস্ত্র দিয়ে ইসরাইল আমাদের ভাইদের বুক ঝাজরা করে দেয়। আজকে এ জুলুমের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই জুলুমের অবসান ঘটা দরকার।

জামায়াতে ইসলামী মুসলিম উম্মাহর ঐক্য নিয়ে সবসময়ই সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, রমজানের প্রকৃত শিক্ষা নিয়ে আমাদের সমাজ গঠন করতে হবে। আজকে পৃথিবীর দিকে দিকে মজলুম অসহায় মানুষ আর্তনাদ করছে। একমাত্র কুরআনের সমাজ বিনির্মাণের মাধ্যমেই মানবতার মুক্তি নিহিত রয়েছে। তাহলেই কেবল দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ আমরা পাবো। একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামায়াতে ইসলামী বিরামহীন কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার এ আন্দোলনে জোরালো ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান। ইফতার মাহফিল শেষে জননেতা সাইফুল আলম খান মিলন উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন ও এলাকার সার্বিক খোঁজখবর নেন।