সমাজকল্যাণ উপদেষ্টা

আজকের শিশুরা আগামী দিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ

‘শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ |ছবি : বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, ‘শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দফতর/সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা, সমাজসেবা অধিদফতর, ঢাকা বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।

এছাড়াও এ অনুষ্ঠানে সারাদেশে ৮৪টি সরকারি শিশু পরিবারের এক হাজারের অধিক শিশু জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে একসাথে ইফতার করেন। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানান। শিশুরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়।

উপদেষ্টা শিশুদের সাথে কথা বলেন এবং তাদের লেখাপড়া ও সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সাথে ইফতার করেন ও ঈদ উপহারসামগ্রী প্রদান করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

সূত্র : বাসস