ধর্ম চর্চা উচ্চ শিক্ষার জন্য বাধা হতে পারে না : ধর্ম উপদেষ্টা

ধর্ম চর্চা উচ্চ শিক্ষার জন্য বাধা হতে পারে না। উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও নিতে হবে। জনগণের হক নষ্ট করে দেশকে পঙ্গু বানানো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।

সেমিনারে ধর্ম উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ
সেমিনারে ধর্ম উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ |ছবি : নয়া দিগন্ত

ধর্ম চর্চা উচ্চ শিক্ষার জন্য বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও নিতে হবে। জনগণের হক নষ্ট করে দেশকে পঙ্গু বানানো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করতে হবে। দুর্নীতি ও ধর্ম চর্চা একসাথে চালিয়ে কোনো লাভ হবে না। অথচ কোনো কোনো মানুষ তা করতে অভ্যস্ত।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদফতর আয়োজিত ওই সেমিনারে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আদ-দাওয়া ইলাল্লাহ-এর পরিচালক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা নুরুল্লাহ। সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, ‘সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় মানবিক মূল্যবোধসম্পন্ন এবং আদর্শ গুণাবলীসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হবে। ইসলামের শিক্ষানুযায়ী চলতে হলে ইসলামবিষয়ক জ্ঞানার্জন এবং ইসলাম শিক্ষাবিষয়ক অধ্যয়ন করা প্রত্যেক মুসলিমের একান্ত আবশ্যক।