আমরা চব্বিশের অভ্যুত্থানকে ব্যর্থ দেখতে চাই না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের এই ভূখণ্ডের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ৪৭’র আজাদীর লড়াই থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতার সংগ্রাম এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, এ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা ২০২৪ -এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ দেখতে চাই না।’

মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রথম কর্মসূচি হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এনসিপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে জনগণের কল্যাণ সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। আমরা বলছি, ২০২৪ সালে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়, পুরনো শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’

পরে তারা ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।