মো: ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার (কুমিল্লা)
দেশ গড়ার দায়িত্ব সবাইকে নিতে হবে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই অভ্যূত্থানে যারা শহিদ ও আহত হয়েছে তাদের আমরা ভুলে গেলে চলবে না, তাদের রক্তের দায়ভার আমাদের উপর, আমরা যারা জীবিত আছি, আমরা যারা বেঁচে আছি এবং আমাদের প্রত্যেকটা মানুষের উপর। আমরা যারা রাজনৈতিক সচেতন মানুষ রয়েছি তাদের দায় আমাদের নিতে হবে।’
তিনি বলেন, ‘তারা যে স্বপ্ন নিয়ে রাস্তায় এসেছিল, তারা নিজের প্রাপ্তির জন্য রাস্তায় নামেনি। তারা নিজে কিছু পাবে, পদপদবী পাবে এসবের জন্য না। তারা রাস্তায় নেমেছিল দেশটাকে ভালবেসে, দেশের ভালোর জন্য, দেশের উন্নয়নের জন্য।’
বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যলয় মাঠে ৫ আগস্ট গুলিবিদ্ধ আব্দুস সামাদের (৫২) জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘যে যেই ব্যানারেই হউক না কেন, যে যেই রাজনৈতিক মতাদর্শেরই হউক না কেন, সবাই কিন্তু দিন শেষে আমারা দেবিদ্বারকে ভালবাসি। সামাদ ভাই দেবিদ্বারের জন্য দেবিদ্বারকে ধারন করে রাস্তায় নেমে এসেছিল। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদমুক্ত দেবিদ্বার গড়ে তুলতে হবে। এ সময় তিনি মরহুম সামাদের পরিবারের দায়িত্ব নেবেন বলেও জানান। একইসাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাতা সহায়তার আশ্বাস দেন তিনি।’
এ সময় আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাসনাত খাঁন প্রমুখ।
এ সময় দেবিদ্বার জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাজমুল হাসান নাহিদ জানান, আব্দুস সামাদ গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দিন, থানা ঘেরাওয়ের সময় দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছিলেন। ৪ মার্চ (মঙ্গলবার) তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মৃত্যু বরণ করেন।
আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের মো: আছমত আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
এদিকে জানাজা শেষে সামাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আব্দুস সামাদের স্ত্রী দেলোয়ারা বেগম সাথে কথা বলেন পরিবারের খোঁজ খবর নেন। তিনি সামাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন।



