খেজুর ও ছোলাসহ রমজানের সকল পণ্য এবং তেল নিয়ে বাজারে তৈরি সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। রমজানের সবকিছুই মজুদ রয়েছে। আশা করি, বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না।’
এ সময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এছাড়া ট্যানারি বর্জ্য নিষ্কাশন করে সিইটিপি প্লানের মাধ্যমে কিভাবে নদীতে ফেলা যায় সে বিষয়েও মালিকদের সাথে আলোচনা করেন।
বৈঠকে শিল্প সচিব ওবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



