ইরান-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৩ জুন) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।
এই পরিস্থিতিতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিসে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও অনুরোধ করেছে।
এদিকে এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের গন্তব্যে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। এ ছাড়া এসব দেশের আকাশসীমা ব্যবহার করে অন্য দেশের গন্তব্যেও অনেক ফ্লাইট যাতায়াত করে। দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধ করায় বিপাকে পড়বেন প্রবাসীরা।
এর আগে সোমবার (২৩ জুন) রাতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানি হামলার খবরের পর আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
ইরানি সরকারি মিডিয়া ও টিভি চ্যানেলগুলোর বরাতে জানা গেছে, সোমবার রাতে কাতারের দোহার মার্কিন ঘাঁটি আল উদেইদ এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলিতে ‘অপারেশন বাশায়ের আল-ফাতাহ’ নামে ইরানের সামরিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে এই প্রতিক্রিয়া ছিল বিপ্লবী গার্ড এবং নিয়মিত সেনাবাহিনীর একটি যৌথ অভিযান।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।
এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সাথে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।
ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।



