নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মদিনাগামী ফ্লাইট উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পৌনে ৩ ঘণ্টা উড়োজাহাজের ভেতরেই যাত্রীদের বসিয়ে রাখলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টেক্সিওয়ে এলাকায় এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনার পর ৩ ঘণ্টা কেটে গেলেও যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই বসিয়ে রাখা হয়েছে।
ওই এয়ারক্রাফটের পাইলট যাত্রীদের বলেছেন, ‘প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছেন। সেই পর্যন্ত তাদেরকে অপেক্ষায় থাকতে বলা হয়েছে।’
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া উড়োজাহাজের একজন যাত্রী নয়া দিগন্তকে টেলিফোনে জানান, আমরা বিকেল ৪টার দিকে সৌদি আরবের মদিনায় যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসি। ফ্লাইট ছাড়ার সময় বিকেল ৫টা। আমাদেরকে যথাসময়ে ফ্লাইটে ওঠানো হয়। ওঠার পর থেকে এখন বাজে সন্ধ্যা সাড়ে ৭টা। কিন্তু ফ্লাইটটি ছাড়ছে না।’
তিনি আরো জানান, এক ঘণ্টা আগে পাইলট মাইকে বলেছেন- ‘আমাদের ফ্লাইটে সমস্যা হয়েছে। ইঞ্জিনিয়াররা দেখছে। আপনারা অপেক্ষা করুন। আমরা আপনাদের জানাবো।’
মদিনাগামী বোয়িং (৭৮৭) ফ্লাইটে (বিজি-৩৩৭) ২৭১ জন যাত্রী রয়েছে। তার মধ্যে ৯০ ভাগ যাত্রীই ওমরাহ করতে যাচ্ছেন।
এক প্রশ্নের উত্তরে ওই যাত্রী বলেন, ‘আমাদেরকে এয়ারক্রাফটে বসানো অবস্থায় কেবিন ক্রুরা স্ন্যাকস ও পানি দিয়েছেন। এখন কি করবে সে বিষয়ে কোনো ডিসিশন দিচ্ছেন না।’
রিপোর্ট লেখার সময় খোঁজ নিয়ে জানা গেছে, বোয়িং-৭৮৭ এয়ারক্রাফট থেকে একটি ব্যাড সিগনাল আসছে। প্রকৌশলীরা ত্রুটি সমাধান করে এয়ারক্রাফট দু’দফা পুশ করেন। তারপরও সিগনাল পাচ্ছেন পাইলট। এরপরই কর্তৃপক্ষ উড়োজাহাজের যাত্রীদের নামিয়ে অন্য এয়ারক্রাফটে নেয়ার ঘোষণা দিয়েছেন। ওই এয়ারক্রাফটে যাত্রী তোলা হচ্ছে। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যেতে পারে।
শনিবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র বোসরা ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।



