শহীদ আবরার ফাহাদ মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন আসিফ

শহীদ আবরার ফাহাদ মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন আসিফ
শহীদ আবরার ফাহাদ মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন আসিফ |ইউএনবি

কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েটের কৃতি শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৭মিনিটে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের এনডিসি, সচিব (যুগ্ম সচিব) মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের বাবা মো: বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বেলা ১১টার দিকে কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা ঈদগাহ ও কবরস্থানে পৌঁছালে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শহীদ আবরার ফাহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি।

তবে এখানে সাংবাদিকের সাথে কোনো কথা বলেননি উপদেষ্টা। এমনকি মসজিদের কাজের সম্প্রসারণ অনুষ্ঠানে মঞ্চ প্রস্তুত থাকলেও কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

পরে বেলা ১২টায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেছেন। সূত্র : ইউএনবি