আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরো ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৬৬২ জনকে। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় মোট এক হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এআইজি ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় দু’টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, লোহার দা একটি, লোহার রড দু’টি, ছোরা একটি ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট এক বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।



