জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন আজ রোববার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ চার কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার চারটি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করা হয়েছে।
এছাড়া হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার স্বামী হাসানুল হক ইনুর অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।
দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করা করেছে।
সূত্র : বাসস



