ঢামেকে ধর্ষণের শিকার শিশু ও কিশোরী ভর্তি

``সোমবার দিবাগত রাতে দু’জনকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন এবং তাদের চিকিৎসা চলছে। দু’টি ঘটনাই সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।''

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটক |সংগৃহীত

ধর্ষণের শিকার এক শিশু ও এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকায় নয় বছরের এক শিশু এবং রাজধানীর দারুস সালাম এলাকা ১৪ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি রাখেন। আড়াইহাজারের নয় বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়। অপরদিকে দারুস সালাম এলাকার গার্মেন্টস শ্রমিক কিশোরী ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা অভিযোগ করেন, আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসের কর্মী। সোমবার রাতে প্রতিবেশী হাসান নামের এক যুবক তার বোনের বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক বলেন, সোমবার দিবাগত রাতে দু’জনকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন এবং তাদের চিকিৎসা চলছে। দু’টি ঘটনাই সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।