শাহজাহান চৌধুরী

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াতপ্রার্থীকে বিজয়ী করবে

চট্টগ্রাম মহানগরী জামায়াত আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে জামায়াত।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী
বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী |নয়া দিগন্ত

‘জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে জামায়াত’ জানিয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াত আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘এজন্য আগামী নির্বাচনে সৎলোকদের বিজয়ী করতে হবে।’

শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কিংসপার্ক কমিউনিটি সেন্টারে জামায়াত বন্দর থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম-১১ আসন তথা বন্দর-পতেঙ্গা সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সম্প্রতি এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আসনে ভোট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।’

শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘এবার জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।’

দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সফল কাউন্সিলর শফিউল আলমকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদেরা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নের কথা লিখে গেছেন। দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়। জামায়াতের দিকে জনগণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তাই দলীয় নেতাকর্মীদের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা দেখে আমি অভিভূত। ইনশাআল্লাহ বন্দর, ইপিজেড, সদরঘাট এবং পতেঙ্গার দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আসনে ইনশাআল্লাহ ভোট বিপ্লব করা হবে। নতুন প্রজন্ম যারা গত ১৮ বছর ভোট দিতে পারেনি তারা এবার জনবান্ধব সঠিক নেতৃত্ব বেছে নিবে।’

মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য, বন্দর থানা আমির মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বন্দর থানা জামায়াত সেক্রেটারি ইকবাল শরীফ, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা প্রশাসনিক ওয়ার্ড আমির জাকের হোসেন, ৩৭ নম্বর মুনিরনগর প্রশাসনিক ওয়ার্ড আমির আহমেদ ফিরোজ, হাফেজ আবদুল আলীম, কামরুল হাসান, জি এম কামরুজ্জামান, শামসুল আলম ও জাহেদ হোসেন প্রমুখ।