বুড়াগৌরাঙ্গ নদীর খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বুধবার সকাল ৮টায় বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

ঈদ উপলক্ষ্যে ফুটবল খেলতে যাওয়ার সময় ট্রলার ডুবে নিখোঁজ জামাল শরীফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার সকাল ৮টায় বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

ট্রলারে থাকা মনির সিকদার, রুবেল ও রনি জানায়, ঈদ উপলক্ষে পাতাবুনিয়ার একদল যুবক পাশের দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্ণি এলাকায় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় অতিরিক্ত তুফানের তোড়ে ট্রলারে পানি প্রবেশ করে ডুবে যায়। ট্রলারে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন।

এদিকে ট্রলার ডুবির পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। বুধবার সকালে খোঁজাখুঁজির পর ৮টার দিকে নিখোঁজ জামালের লাশ উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিলন সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।