সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহতরা
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহতরা |নয়া দিগন্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ মার্চ) ইফতারের পূর্বে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো: সালেক নূর ( ৬২), ওয়াকিব নুর (৫২), বাচ্চু মিয়া (৫০), কুরবান (১৫), রুহেল মিয়া ( ৩২), আলী (১৬), সুমন (২০), মোছা: রফনা বেগম (৪৫), হাফসা বেগম (৫০), মিজান (২৫), আংগুর তালুকদার (৫০), আসাদুল (৩০), রুজেল মিয়া (৩৫), ফয়জুল হক (৪৫), বদরুল আলম (৫০), এরশাদুলসহ (৩৫) ২৫জন।

এসময় ছালেক নুর মেম্বার ও বদরুল আলমের লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।

দিরাই হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন ভর্তি আছেন এবং গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তারা হলেন আংগুর তালুকদার, বদরুল আলম, রুজেল, ফয়জুল হক, এরশাদুল ও কুরবান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছালেকনুর মেম্বার ও বদরুল আলমের মধ্যে পারিবারিক ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে ছালেকনুর মেম্বারের চাচাতো ভাই ওয়াকিব নুর মাঠ থেকে প্রতি পক্ষের বাড়ির পাশ দিয়ে গরু নিয়ে আসার সময় বাধা দিলে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ বিষয়ে দিরাই থানার এএসআই মালেক রেজা বলেন, ‘আমি সংঘর্ষের সংবাদ পেয়ে দিরাই হাসপাতালে আসি উভয় পক্ষের আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছি। বিস্তারিত ঘটনা জানতে সরেজমিনে ভাটিপাড়া যাবো। এ রির্পোট লিখা পর্যন্ত (রাত ৯ টা) কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।’