বরিশালে ইমামদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল

অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো
বরিশালে ইমামদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল
বরিশালে ইমামদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল |নয়া দিগন্ত

বরিশাল মহানগরীর শতাধিক মসজিদের ইমামদের নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক এলমসি চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মাওলানা মতিউর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ: রব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আ: সালাম, মাওলানা কাওসার হামিদীসহ অন্য ইমামরা।

সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আ: কুদ্দুস। সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার জাকির হোসেন, আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগীয় ইনচার্জরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে বক্তারা বরিশালে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজসহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন, আলেমদের করপোরেট সুবিধা প্রদান, ইমার্জেন্সি সেবা সহজলভ্য করার দাবি উত্থাপন করেন। এছাড়া ইপিআই কেন্দ্র চালু, রমজানে পুরুষ ও মহিলাদের আলাদা তালিমুল কোরআনের ব্যবস্থা, অভিযোগ বক্স দিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধানসহ সার্ভিসের নানা দিক তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত শেষে সকল ইমামকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে কয়েক শ‘ ইমাম ও আলেম অংশ নেন।