ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটায় আগে ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ আলীর ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর নামাজে বর্তমান ইমামের ইমামতি নিয়ে লামকাইন গ্রামের একাধিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এতে আইন-শৃঙ্খলার অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারার আওতায় সংশ্লিষ্ট এলাকায় গত রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল-মামুন।
স্থানীয়রা আরো জানান, শত বছরের পুরনো লামকাইন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ফলে গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরে নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে রোববার রাতে দু’পক্ষের লোকজন উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে।
এসময় শর্তসাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার লামকাইন ঈদগাহ মাঠে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেন। এ খবরে স্থানীয় লোকজন রাতে এবং ভোর সকালে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের মাইকিং করে। সকাল সাড়ে দশটার দিকে মুফতি মাওলানা মুহাম্মদ আলীর ইমামতিতেই শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হয়।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



