সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’ এর সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সালমান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৪ মার্চ) পঞ্চগড় সদরের এম আর কলেজ মোড় থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার আবু সালমান প্রধান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোজাহারুল হক প্রধানের ছেলে।
রংপুর রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিপক্ষে এবং পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করতে গঠিত আওয়ামী লীগের ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে মিথ্যা তথ্য প্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছিল।
প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে পঞ্চগড়ের এম আর কলেজ মোড় থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ এর সদস্য আবু সালমান প্রধানকে গ্রেফতার করা হয়। সালমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। এছাড়াও তিনি পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো: মোজাহারুল হক প্রধানের ছেলে।
ডিআইজি জানান, গ্রেফতার সালমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে বেনামে আইডি খুলে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও খবর প্রচার করে আসছিল।
তিনি বিভিন্ন সময়ে অনলাইন জুম মিটিং ‘জয় বাংলা জুম ব্রিগেড’ এ অংশ নিয়ে দেশ বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে থাকে।
এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তাদের কর্মসূচি পালন করে আসছে।



