রায়পুরায় ৩ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করলেন মা

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

শনিবার রাতে নিজ ঘরে ছেলে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে।

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় তারাবির নামাজ চলাকালে তিন বছরের একমাত্র শিশু সন্তান আনাস মিয়াকে কুপিয়ে হত্যা করেছেন মা শিরিন বেগম। ঘটনার পরে মা পালিয়ে যান।

শনিবার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শিরিন বেগমকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

স্থানীয়সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের ডালিম মিয়ার সাথে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি দেন ডালিম। এরপর শিরিন তাদের একমাত্র ছেলে আনাসকে নিয়ে বসবাস করছিলেন।

এদিকে, শনিবার রাতে নিজ ঘরে ছেলে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত শিরিন বেগমকে রোববার সকালে হাসনাবাদ বাজার থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, হত্যার সংবাদ শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত শিরিন বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।