নোয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: শারুপ (১৮) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।

ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মো: শারুপ (১৮)
ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মো: শারুপ (১৮)

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শনিবার ভোরে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: শারুপ (১৮) নামে এক কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রোববার (২ মার্চ) এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো: শারুপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে। ভুক্তভোগী শিশুটি শনিবার ভোরে মাদরাসায় আরবি পড়তে যাওয়ার পথে শারুপ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় এক পথচারী দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায় এবং শিশুটি ধর্ষণ থেকে রক্ষা পায়। পরে ভুক্তভোগী শিশুর মা রোববার কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।’