ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের গার্মেন্টস কারখানাগুলো উৎপাদনের জন্য আজকে থেকে পর্যায়ক্রমে খুলে দেয়া হচ্ছে। এতে করে সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপে আশুলিয়ার দু’টি মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ |ছবি : নয়া দিগন্ত

ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরবঙ্গের মানুষরা। পর্যায়ক্রমে কারখানাগুলোতে ছুটি শেষ হওয়ায় শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা ও নবীনগর -চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। তবে গাড়ির চাপ থাকলেও কোনো ভোগান্তি নেই।

পাটুরিয়া থেকে পরিবার নিয়ে মা-বাবার দোয়া পরিবহনে নবীনগর এসে নেমেছেন যাত্রী মনির হোসেন। তিনি বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ার একদিন আগেই চলে এলাম পরিবার নিয়ে। সড়কে তেমন কোনো ভোগান্তি নেই। তিনি অভিযোগ করেন, সাধারণত এ পথের ভাড়া ১২০ টাকা হলেও আমাদের কাছে থেকে ১৫০ টাকা নিয়েছে।’

বাসের স্টাফের কাছে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যাওয়ার সময় যাত্রী পাওয়া যাবে না তাই খরচ পোষাতে বাধ্য হয়ে কিছুটা বাড়তি ভাড়া নেয়া হচ্ছে।

শিল্পকারখানা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের গার্মেন্টস কারখানাগুলো উৎপাদনের জন্য আজকে থেকে পর্যায়ক্রমে খুলে দেয়া হচ্ছে। এতে করে সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপে আশুলিয়ার দু’টি মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ঈদ পরবর্তী সময়ে কারখানাগুলো পর্যায়ক্রমে উৎপাদন শুরু করবে। ফলে শনিবার সকাল থেকেই নবীনগর -চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বেড়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ‘আজ সকাল থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দু’টি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। আশা করছি, সবাই বিগত দিনগুলোর মতো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়াও যানচলাচল স্বাভাবিক রাখতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছে।