হাসান উদ্দিন সরকার

পতিত আওয়ামী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে

তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নাম-পদবি ব্যবহার করে...

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার |সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের বড় অপরাধীরা দেশ ছেড়ে পালালেও তাদের অনুসারীরা এখনো দেশের ভেতরেই ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন কায়দায় একত্রিত হওয়ার চেষ্টা করছে। নানা রূপে বিভিন্ন মহলে মিশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

শনিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকার তার দোসরদের নিয়ে গত ১৫ বছর বিএনপি-জামায়াতসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শরিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জেল-জুলুম, গুম, হত্যাসহ এমন কোনো নির্যাতন নেই যা করেনি।

বিএনপির এ নেতা সকল রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নাম-পদবি ব্যবহার করে দলের ভেতরে যাতে দুষ্কৃতিকারীরা মিশে দল ও সমাজে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা, বিএনপি নেতা প্রফেসর ড. সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: আব্দুল করিম মিয়া, বেনজির আহাম্মেদ, আবুল কালাম আযাদ প্রমুখ।