আশুলিয়ায় হত্যাসহ একাধিক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন
স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়া থেকে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি ও মাদক মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুসলেম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে। তিনি আশুলিয়ার ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় তিনি যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার বিল্লালের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।