রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারী মারা গেছেন।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে ভাদালেপোলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
মৃত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে জোহরার তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। এর মধ্যে দু’টি ছাগলের রশি কোনোভাবে রেললাইনের সাথে পেঁচিয়ে যায়। দড়ির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এসময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রেললাইনের ওপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



