পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (১ মার্চ) দুপুরে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ পল্লবীর ৫ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো: সানি’র পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেন এই নেতা।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক বলেন, ‘গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য, সেটা বোঝাতেই এমন আয়োজন।’
এ সময় তিনি আরো বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার এদেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ইনশাল্লাহ আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া প্রত্যকটি নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।’
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া রমজানের উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময় গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগত ভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।
এছাড়াও আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণআন্দোলনে শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমিনুল হক ।
উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



