চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১০ জন হলো। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও দুইটি শিশু।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, “কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসের সাথে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের একজন পুরুষের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি ।
এছাড়া পদুয়ায় অবস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান।
হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
তিন দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা।
সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন।



