আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে মন্ত্রণালয় ও আইজিপির কাছে বিএনপি নেতার অভিযোগ

বুধবার (১৬ এপ্রিল) রাতে নয়া দিগন্তকে ওই বিএনপি নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ও জেলা বিএনপি সাবেক স্বাস্থ্য কল্যাণবিষয়ক সস্পাদক মো: সালাউদ্দিন মোল্লা
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ও জেলা বিএনপি সাবেক স্বাস্থ্য কল্যাণবিষয়ক সস্পাদক মো: সালাউদ্দিন মোল্লা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ দায়ের করেছেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো: সালাউদ্দিন মোল্লা।

বুধবার (১৬ এপ্রিল) রাতে নয়া দিগন্তকে ওই বিএনপি নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) মো: সালাউদ্দিন মোল্লা অভিযোগ সংশ্লিষ্ট দফতরে পৌঁছান।

অভিযোগে বলা হয়, এসএসসি পরীক্ষা চলাকালীন গত ১১ এপ্রিল রাতে মাহমুদপুর ইউনিয়নের শ্যামলদী গ্রামে অনুমোদনহীন বাউল গানের আসরে ওসি এনায়েত হোসেন পুলিশ সদস্যদের নিয়ে অংশ নেন। মোটা অংকের টাকার বিনিময়ে অনুষ্ঠানটি চালানোর অনুমতি দেন তিনি। এলাকাবাসীর ক্ষোভের মুখে ওসি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগেও ওসি এনায়েতের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগে পুলিশ মহাপরিদর্শক বরাবর অভিযোগ দায়ের করেছিলেন বিএনপি নেতা রিয়াজুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী।

অভিযোগে বলা হয়, মহিলা দলের নেত্রী পারভীন আক্তারের ছবিসহ ব্যানার টাঙ্গাতে বাধা দেয়া হয়। প্রতিবাদ করলে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। পরে রাতে ব্যানারটি ভেঙে ফেলা হয় এবং তাদের বাড়িতে হামলা চালিয়ে ফাঁকা গুলি করা হয়। থানায় অভিযোগ দিতে গেলে ওসি টাকা দাবি করেন। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে যান।

অভিযোগকারীরা জানায়, ওসি দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলায় অপরাধ বৃদ্ধি পেয়েছে।

ওসি এনায়েত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গেইট ভাঙচুর নিয়ে রাজনৈতিক দু’টি পক্ষের মাঝে বিরোধ হয়েছে। এ বিষয়ে তারা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। আমি বলেছি, তারা যেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, এতটুকুই ঘটনা। তাদের রাজনৈতিক বিরোধের কারণে এখন আমাকে দায়ী করছেন তারা।’