যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত

‘যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দু’মেয়ে নিহত হয়েছেন। তবে, বেশ কিছু সময় পর হাসপাতালে ছোট মেয়ে তায়েবার জ্ঞান ফেরে।’

এম আইউব, যশোর অফিস
ছবি : নয়া দিগন্ত

যশোরের পুলেরহাটে বাসচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হওয়া আরেক মেয়ে এখনো বেঁচে আছে। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলের দিকে পুলেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ প্রথমে জানিয়েছিল, যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দু’মেয়ে নিহত হয়েছেন। তবে, বেশ কিছু সময় পর হাসপাতালে ছোট মেয়ে তায়েবার জ্ঞান ফেরে।

নিহত খুলনার মুজগুন্নীর রুবেল হোসেন (৩২) ও তার বড় মেয়ে ঐশি (১০)। আহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) ও যশোর সদর উপজেলার কৃষ্ণবাটির ওসমান (১৯)। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে রুবেল তার স্ত্রী ও দু’মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা।

এ ঘটনার পর বাসটি পালানোর সময় পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কাজী বাবুল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে আইনিব্যবস্থা নেয়া হবে।’