গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নছিমন উল্টে তামিম খান (১৮) নামে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর শিহিপাশা কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তামিম খান আগৈলঝাড়ার প্রবাসী ওয়াসিম খানের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সমীর জানান, বৃহস্পতিবার দুপুরে বন্ধুরা মিলে নছিমন চড়ে ঘুড়তে বের হয়। উত্তর শিহিপাশা কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়।
এসময় স্থানীয়রা নছিমনে থাকা তামিম খান (১৮), মেহেদী মারামাত (১৭), রহমান হাওলাদার (১৮), ফরহাদ হাওলাদার (১৮), নাজমুল হোসেন খানকে (১৯) আহতবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা: সবুজ রায় তামিমকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নাজমুল হোসেন খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



