গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ মার্চ) গাজীপুর সদর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
ভিসি ড. জয়নাল আবেদীন জানান, অজ্ঞাত ব্যক্তিটি তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অসহায়ত্বের কথা বলে অর্থ চাচ্ছে। জিডিতে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮৭৬-১২২১৩৫) এবং হোয়াটসঅ্যাপ লিংক উল্লেখ করা হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
তিনি আশঙ্কা করছেন, প্রতারক তার জানমালের ক্ষতি করতে পারে এবং তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কিছু প্রচার করতে পারে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।



