বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।

Location :

Kurigram
ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক
ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।

নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার বাসিন্দা।

ঘটনার পর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত দুই বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএসএফ নিহতের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়।

বিএসএফের দাবি, ভারতীয় নাগরিকরা তাদের টহল পোস্টে হামলা চালালে আত্মরক্ষার্থে তারা রাবার বুলেট ছোড়ে।

এদিকে, বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, এ ঘটনার সাথে বাংলাদেশ বা বিজিবির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

গোলাগুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন।