বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘অনেক সরকার পতন হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পালানোর নজির নেই। শুধু তারা একা নন, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, এমনকি মসজিদের ইমামও পালিয়েছেন।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম করা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে নেতাকর্মীরা ঈদ পালন করতে পারেননি, ঘরে ঘুমাতে পারেননি। তারা আমাদের সাথে জালিমের মতো ব্যবহার করেছে। আমাদের ওপর অত্যাচার-জুলুম করা হয়েছে। আমরা মজলুমের ব্যাথা বুঝি, তাই আমরা জালিম হতে চাই না।’
তিনি অভিযোগ করেন, ‘গত ১৬ বছরে দেশে অত্যাচার, লুটপাট, ধর্ষণ, হত্যার মতো নানা ঘটনা ঘটেছে। আমরা তার স্বাক্ষী। আপনারা রাজনীতি করতে না পেরে ব্যর্থ হয়ে পালিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘সারাদেশে চুরি-ডাকাতি হচ্ছে। আওয়ামী লীগের লোকজন এসব চুরি-ডাকাতি করে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। বিদেশের মাটিতে বসে কোনো ষড়যন্ত্র করলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহাসিন উদ্দিন, অ্যাডভোকেট আনিসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাসেদ সামস, সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোকলেচ, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রাসেল মোল্লা প্রমুখ।



