রমজান

নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে ১৮০ জন সহায়ক

রমজানের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে যেন অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে না পারে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে জেলা পুলিশকে সহায়তায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া হয়েছে।

ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পবিত্র রমজানের যানজট নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে সাহায্য করতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সহায়ক সদস্য দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রোববার (২ মার্চ) ১ রমজান থেকে ১৮০ জন সদস্য কাজ শুরু করেছে। ফলে বাণিজ্যিক নগরীতে যানজট কমে আসবে বলে মনে করেন শহরের বাসিন্দারা।

যানজট নিয়ন্ত্রণে চেম্বারের সহযোগিতায় মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানায়িছেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। জনগণের ভোগান্তি কমাতে এ কার্যক্রম আরো ব্যাপকভাবে চলবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, রমজানের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে যেন অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে না পারে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে জেলা পুলিশকে সহায়তায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখতেও নানা উদ্যোগের চেষ্টা করছে।

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ও ট্রাফিক বিভাগের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরবাসীর প্রধান সমস্যা যানজট নিয়ন্ত্রণে এগিয়ে আসার কথা জানান নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এম এ করিমসহ উপস্থিত চেম্বারের সহ-সভাপতি-মোহাম্মদ আবু জাফর, পরিচালক-খন্দকার সাইফুল ইসলাম, গোলাম সারোয়ার (সাইদ), আহমেদুর রহমান তনু, মোস্তফা এমরানুল হক, মো: মজিবুর রহমান বক্তব্য দেন। যানজট নিরসনে কমিউনিটি পুলিশকে সহায়তা করার জন্য প্রায় ৪০-৫০ জন ছাত্র-ছাত্রী সদস্যরা ও উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল) বলেন, নারায়ণগঞ্জে যানজট নিরসনে বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করা যায়, বিশেষ করে চাষাঢ়া মোড়, গ্রিণলেন্স ব্যাংক মোড়, ২ নম্বর রেইলগেট, ১ নম্বর রেইলগেইট, মন্ডলপাড়া, খানপুর, পঞ্চবটি, সাইনবোর্ড। প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ ও সাথে চেম্বারের পক্ষ থেকে ১৮০ জন সদস্য তাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ১০ পর্যন্ত দু’টি টিম কার্যক্রম পরিচালনা করবে। চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু এবং অন্য পরিচালকদের সহায়তায় মনিটরিং সদস্য নিয়মিত আপনাদের কার্যক্রম তদারকি করবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য মনিটরিং সদস্যদের মাধ্যমে ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ চেম্বার থেকে সমাধানের চেষ্টা করবে।