‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ঘরে ফিরবে না’ বলে ঘোষণা দিয়েছেন দলটির রংপুর মহানগর ও জেলার নেতারা।
রোববার ( ২৩ মার্চ) সন্ধা ৭টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তারা।
এর আগে নগরীর টাউন হলের সামনে থেকে মহানগর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় তারা ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। এই মুহুর্তে দরকার, বিচার আর সংস্কার, মুজিব বাদ মুর্দাবাদ, তারুণ্যের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মো: আবু সাঈদ লিয়ন, মো: আসাদুল্লাহ আল গালিব, সাদিয়া ফারজানা দিনা, মো: আলমগীর কবির প্রমুখ।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের হায়েনারা দেশকে শকুনের মতো খুবলে খেয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের তাবেদার হিসেবে প্রতিষ্ঠিত করতে দেবো না। হাসিনা ও আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনোই চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না। ’



