মোরেলগঞ্জে নদীতে নিখোঁজ শিশু ৩০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

মোরেলগঞ্জে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ মো: ফাহিম খানের খোঁজ ৩০ ঘণ্টায়ও মেলেনি।

নিখোঁজ মো: ফাহিম খান (১০)
নিখোঁজ মো: ফাহিম খান (১০) |নয়া দিগন্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মো: ফাহিম খান (১০) নামে এক শিশুর খোঁজ ৩০ ঘণ্টায়ও মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

নিখোঁজ ফাহিম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের সোহাগ খানের ছেলে।

জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের শ্রেণীখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের চার শিশু পানগুছি নদীতে গোসলে নামে। এসময় টগর নিয়ে সাঁতরাতে গেলে দু’টি শিশু নদীর প্রবল স্রোতে ভেসে যায়। পাশে থাকা কর্মরত শ্রমিকেরা এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও ফাহিম স্রোতে ভেসে যায়।

সে আশ্রয় প্রকল্পের বাসিন্দা আলী শেখের (নানা) বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাকে উদ্ধার করতে ডুবুরি ও ফায়ার সার্ভিস কাজ করছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো: ফারুক হোসেন বলেন, ‘শ্রেণীখালী আশ্রয়ণ প্রকল্পের সামনে পানগুছি নদীতে গোসল করতে গিয়ে ফাহিম নিখোঁজ হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েছেন। ৩০ ঘণ্টার পরও তার সন্ধান মেলেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে রোববার রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর বাবা সোহাগ খান জানান, ‘ফাহিমকে এখনো পাওয়া য়ায়নি। পরিবারের আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসীসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ট্রলার নিয়ে তল্লাশি করছেন।’