চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে মিলল অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ (৩৫)। রোববার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পাশে একজন নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা ছিন্নভিন্ন অবস্থায় ছিল। মনে হচ্ছে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরে খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নাম-পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, ওই নারীর মাথা একেবারে থেতলে গেছে। সম্ভবত ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।



