মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল এলাকায় কার্টনের ভেতর অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির মাথা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় কার্টনে পাওয়া গেলেও হাত-পায়ের অংশ পাওয়া যায়নি।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন মেদিনি মন্ডল গ্রামের মাওয়া বাজারগামী সার্ভিস লেনের পশ্চিম পাশে রাস্তার নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় কিছু ছেলে খেলা করার সময় কার্টনটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হাত-পা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমরা অজ্ঞাত এক পুরুষের মাথা ও শরীরের কিছু অংশ পেয়েছি। মাথা দেখে মনে হচ্ছে এটি কোনো পুরুষের লাশ। যার চুল ছোট ছোট রয়েছে। এর কিছু অংশবিশেষ কেরানীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেছে বলেও আমরা জানতে পেরেছি। পরে বিস্তারিত বলতে পারব।’



