মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখল ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত নেতা মো: মহসিন খন্দকারকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ঘাটুরা এলাকার নিজ বাসা থেকে র্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া তার রিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখল ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, মহসিন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় তার অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিল।
তার অন্যতম আয়ের উৎস ছিল অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগের ব্যবস্থা করে দেয়া এবং মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা। অবৈধ আয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যে কোটিপতি বনে যায় মহসিন খন্দকার। গড়ে তুলে বিশাল সম্পদের পাহাড়। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় তার নামে রয়েছে একাধিক মার্কেট, বিলাসবহুল অট্টালিকা ও দোকানপাট।
ফলে আলোচিত যুবলীগ নেতা মহসিন খন্দকারের আটকে এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



