হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৩ মামলার আসামি রাজবাড়ীর আলোচিত মাসুদ রানাকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা ওই গ্রামের মরহুম আজগর আলী মণ্ডলের ছেলে।
সূত্রে জানা যায়, মাসুদ রানা একটি অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে মঙ্গলবার (৭ জানুয়ারি) অভিযান চালানো হলেও তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ওই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ তার স্ত্রী রুশনী খাতুনকে (২৩) গ্রেফতার করা হয়। এরপর থেকে মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে, তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। মাসুদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে এবং তার স্ত্রীর বিরুদ্ধেও মাদক ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।



