নীলফামারীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

২০০৭ সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে।

নীলফামারীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে ১৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে গাজীপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশের একটি টিম।

গ্রেফতার আবুল কাশেম জেলা শহরের বারইপাড়া এলাকার মরহুম আলীজানের ছেলে।

পুলিশ জানায়, ২০০৭ সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী একটি মামলা করেন সদর থানায়। ওই মামলায় আদালত আবুল কাশেমের মৃত্যুদণ্ড দেয়।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই গতরাতে অভিযান চালিয়ে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।