সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইট বোঝাই ইঞ্জিনচালিত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে হেল্পার মো: আরিফ (৩০) নিহত হয়েছেন।
রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে লতব্দী-সিরাজদিখান সড়কের গয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মধ্য দামুদরপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লতব্দীর গোডাউন বাজার থেকে ইট নিয়ে নসিমনটি সিরাজদিখান বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি গয়াতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আরিফ মারা যান। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের লাশ উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘লাশ বর্তমানে থানায় আছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’



