মাদারীপুরের শিবচরে ভ্যান চালকের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Shibchar
শিবচরে ভ্যান চালকের লাশ উদ্ধার
শিবচরে ভ্যান চালকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে সায়েম মোল্লা (৬৫) নামের এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল ) রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খলিফা কান্দি গ্রামের মরহুম হাশেম মোল্লার ছেলে।

জানা যায়, সায়েম মোল্লা দুপুরে খাওয়া-দাওয়া করে ভ্যান নিয়ে বের হয়েছিলেন। প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়েন। এর পরে আর ঘরে ফিরেননি ।

নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরো দু’টি ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী আব্দুল কাদির দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘ছিনতাইকারী এবং তার দুই সহযোগী ভ্যান নিয়ে যাওয়ার সময় তাড়া করলে পিছন থেকে আামার মাথায় চাকু দিয়ে আঘাত করে। এতে আমি সামান্য আঘাতপ্রাপ্ত হই। কিন্তু প্রধান হত্যাকারীকে ধরে পুলিশের কাছে দেই। বাকি দু’জন হোন্ডা নিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ (পিপিএম) বলেন, ‘এক্সপ্রেসওয়ের পাশে লাশটি পড়ে থাকার খবর পেয়েছি । সেখানে আমরা টিমসহ গিয়েছি এবং উৎসুক জনতা হত্যাকারীকে আমাদের হাতে তুলে দেয়। যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’