চট্টগ্রামের আনোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রামের আনোয়ারায় বড় ভাইয়ের রডের আঘাতে সালামত আলী (৫০) নামে ছোটো ভাই নিহত হয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রামের আনোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন |নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের রডের আঘাতে সালামত আলী (৫০) নামে ছোটো ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।

ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, ‘আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমার চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এসময় গুরুতর আহত অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে বেলা ৩টার দিকে তিনি মারা যান।’

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, সাজিয়া বেগম নামের একজন আটক রয়েছেন।’