পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধুদের সাথে সিলেটের জাফলং পর্যটন স্পটে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মো: নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিদবাজার আবাসিক এলাকার মো: ফুল মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার ঈদের দিন নয়ন মিয়াসহ ১৩ জন বন্ধু একটি পিকআপ গাড়িতে করে দুপুরের দিকে জাফলংয়ে বেড়াতে যায়। বিকেল আনুমানিক চারটার দিকে নয়নসহ কয়েকজন বন্ধু জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে নয়ন গভীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপি তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করেন।
নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন।



