লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স শুক্রবার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিয়েছেন। এর মাধ্যমে গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে জোন্স ইন্টারে নাম লেখালেন।
২৫ বছর বয়সী জোন্স ২০৩১ সাল পর্যন্ত ইন্টার মিলানের সাথে চুক্তি করেছেন। এর আগে, তার স্বদেশী দেজেদ স্পেন্স ও জন স্টোনসও সান সিরোতে যোগ দিয়েছেন।
ইন্টার এক বিবৃতিতে বলেছে, ‘লিভারপুলে পুরো ক্যারিয়ার কাটানোর পর এই মিডফিল্ডার প্রথমবারের মতো নিজের দেশ ছেড়ে গেলেন। তিনি ইংল্যান্ডের সতীর্থ জন স্টোনস ও দেজেদ স্পেন্সের সাথে যোগ দিলেন। ইন্টার মিলানের ইতিহাসের তিনি ষষ্ঠ ইংলিশ খেলোয়াড়।’
বিবৃতিতে বলা হয়, ‘নতুন, অবিশ্বাস্য এক অভিযানে পা রাখার সময় এসেছে, যে অভিযানে তিনি সারাজীবন তাকে সঙ্গ দেয়া আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে পারবেন।’
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভারপুলের একাডেমি থেকে উঠে আসা জোন্সকে পেতে ইন্টার তিন কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করবে।
অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে জোন্স লিখেছেন, ‘১৬ বছর পর বিদায় বলার সময় এসেছে।’
তিনি আরো বলেন, ‘আমি ছোটবেলায় লিভারপুলে এসেছিলাম একটি স্বপ্ন নিয়ে-লিভারপুলের হয়ে খেলার। আর আমি যথেষ্ট সৌভাগ্যবান যে সত্যিই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি। লিভারপুল আমার জীবনের একটি বিশাল অংশ হয়ে থাকবে।’
রাইট-ব্যাক স্পেন্সও ২০৩১ সাল পর্যন্ত ইন্টারের সাথে চুক্তি করেছেন। ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া সেন্টার-ব্যাক স্টোনসও একই মেয়াদে ইন্টারে যোগ দিয়েছেন।



