মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা যেমন লিওনেল মেসির নিত্যদিনের কাজ। তেমনি মাঠের বাইরেও মানবিকতায় তিনি সমান উজ্জ্বল। যার প্রমাণ আবারো রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।
স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ৮০ হাজার ইউরো (বাংলাদেশী মুদ্রায় এক কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সম্প্রতি সিয়েরা ওয়েস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে ২৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। আগুনে বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়।
ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসন যখন পুনর্গঠনের কাজ শুরু করেছে, তখনই সহায়তার হাত বাড়িয়ে দেন মেসি। তার দেয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন, সামাজিক অবকাঠামো সংস্কার ও দুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করা হবে
মেসির এই মানবিক উদ্যোগের জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, লিও মেসি সিয়েরা ওয়েস্তে পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন।
‘আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করি, খুব শিগগিরই তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব ও তার প্রাপ্য সম্মান দিতে পারব।’
দীর্ঘ দুই দশক বার্সেলোনার জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসংখ্য স্মরণীয় লড়াই উপহার দেয়া মেসির প্রতি মাদ্রিদের সর্বোচ্চ রাজনৈতিক নেতার এমন কৃতজ্ঞতা ফুটবলপ্রেমীদেরও দৃষ্টি কেড়েছে।
মাঠের প্রতিদ্বন্দ্বিতা যে মানবতার কাছে গৌণ, সেই বার্তাই যেন নতুন করে তুলে ধরলেন বিশ্বকাপজয়ী এই তারকা। এদিকে তার অনুদানের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার জোয়ার বইছে।
অনেকেই লিখেছেন, ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড় শুধু মাঠেই নন, মানবিক কর্মকাণ্ডেও বারবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।



