আর্জেন্টিনার ফুটবল নিয়ে ফোলারের কড়া সমালোচনা

ফোলারের ভাষ্য, ‘হঠাৎ করেই আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে গেছে। এটা আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়। আমি আর্জেন্টিনার মতো খেলতে চাই না। তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল, এবার রানার্সআপ হয়েছে। কিন্তু তাদের নিয়ে এত প্রশংসা কেন, তা আমি বুঝতে পারি না।’

নয়া দিগন্ত অনলাইন
জার্মান ফুটবলের কিংবদন্তি রুদি ফোলার ও আর্জেন্টিনার লিওনেল মেসি
জার্মান ফুটবলের কিংবদন্তি রুদি ফোলার ও আর্জেন্টিনার লিওনেল মেসি |সংগৃহীত

বিশ্বকাপ শেষ হলেও ফুটবল অঙ্গনের বিতর্ক থামেনি। এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অনুসরণীয় দল হিসেবে তুলে ধরে আর্জেন্টিনার খেলার ধরনকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন জার্মান ফুটবলের কিংবদন্তি রুদি ফোলার। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জার্মানিকে তিনি কখনোই আর্জেন্টিনার মতো খেলতে দেখতে চান না। তার ভাষায়, ‘ওদের খেলার সাথে ফুটবলের কোনো সম্পর্কই নেই।’

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে আয়োজিত এক আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, অনেকেই জার্মান ফুটবলের সামনে আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছেন। কিন্তু তিনি এ ধারণার সাথেমোটেও একমত নন।

ফোলারের ভাষ্য, ‘হঠাৎ করেই আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে গেছে। এটা আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়। আমি আর্জেন্টিনার মতো খেলতে চাই না। তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল, এবার রানার্সআপ হয়েছে। কিন্তু তাদের নিয়ে এত প্রশংসা কেন, তা আমি বুঝতে পারি না।’

অন্যদিকে স্পেনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাছ থেকেই জার্মানির শেখার আছে। শুধু আক্রমণ নয়, রক্ষণভাগেও স্পেন অসাধারণ সংগঠিত ফুটবল খেলেছে। তার মতে, ‘জার্মানির অনুসরণ করার মতো দল স্পেন। ইংল্যান্ডের খেলাও আমার ভালো লেগেছে।’

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ জার্মানির দায়িত্ব এখন নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের হাতে। ভবিষ্যতে দলকে কীভাবে আবার শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনা যায়, তা নিয়েই চলছে আলোচনা। এমন সময় ফোলারের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

তবে আর্জেন্টিনাকে নিয়ে ফোলারের সমালোচনা নতুন নয়। ২০২২ বিশ্বকাপের পরও তিনি বলেছিলেন, ‘মেসি অসাধারণ ফুটবলার। তাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সবাই দেখতে চেয়েছিল। কিন্তু মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা আমাদের চেয়ে ভালো দল—এ কথা আমি মানি না।’

আর্জেন্টিনার সাথেফোলারের ব্যক্তিগত ফুটবল-ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারা পশ্চিম জার্মানির হয়ে গোল করেছিলেন তিনি। চার বছর পর ১৯৯০ সালের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পান এই জার্মান কিংবদন্তি।