মেসির গোল সত্ত্বেও ন্যাশভিলের সাথে পয়েন্ট ভাগাভাগি মায়ামির

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল, মেসিই হয়তো জয়সূচক গোলটি করেছেন। বক্সের কোণায় সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পলের সাথে সমন্বয় করে মেসি গোলরক্ষক ব্রায়ান শোয়াকের ডাইভের নাগালের বাইরে দিয়ে বল বাঁকিয়ে জালে পাঠান।

নয়া দিগন্ত অনলাইন
মায়ামির জার্সিতে মেসি
মায়ামির জার্সিতে মেসি |ফাইল ছবি

এমএলএসের শীর্ষ দল ন্যাশভিলের বিপক্ষে নিজের গোলের ধারা অব্যাহত রেখেছেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে।

মায়ামির ন্যু স্টেডিয়ামে ৬২ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ইন্টারকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। কিন্তু যোগ করা সময়ে স্ট্রাইকার স্যাম সারিজ কাছ থেকে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান এবং ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেন।

৩৯ বছর বয়সী মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন।

শনিবার ইস্টার্ন কনফারেন্সের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াইয়ে নিজের গোলের রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগও পেয়েছিলেন মেসি।

৫০ মিনিটে মেসির একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটেও তার আরেকটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। সারিজ সমতাসূচক গোল করার আগে শেষ দিকে মেসির আরেকটি প্রচেষ্টা ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন।

এই ড্রয়ের ফলে শীর্ষ বাছাই হওয়ার দৌড়ে ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকল ইন্টার মায়ামি। নিয়মিত মৌসুমে দলটির আর নয়টি ম্যাচ বাকি।

এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেই ইংলিশ স্ট্রাইকার সারিজ অফসাইডের ফাঁদ এড়িয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে ন্যাশভিলকে স্বপ্নের শুরু এনে দেন।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মায়ামি সমতায় ফেরে এবং তাতেও জড়িয়ে ছিলেন মেসি। বিশ্বকাপজয়ীর দুর্দান্ত ইন-সুইং কর্নার ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে আত্মঘাতী গোলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল, মেসিই হয়তো জয়সূচক গোলটি করেছেন। বক্সের কোণায় সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পলের সাথে সমন্বয় করে মেসি গোলরক্ষক ব্রায়ান শোয়াকের ডাইভের নাগালের বাইরে দিয়ে বল বাঁকিয়ে জালে পাঠান।

কিন্তু ব্যবধান বাড়াতে না পারার খেসারত দিতে হয় মায়ামিকে। যোগ করা সময়ে কাছ থেকে গোল করে সারিজ ন্যাশভিলকে সমতায় ফেরান এবং এক পয়েন্ট নিশ্চিত করেন।