মোহাম্মদ সালাহকে ঘিরে তুরস্কে শুরু হয়েছে উৎসবের আমেজ। ইংলিশ ক্লাব লিভারপুল ছাড়ার পর এবার তুর্কি সুপার লিগের ক্লাব ট্র্যাবজনস্পোরে যোগ দিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে নামতেই শত শত সমর্থকের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হন এই তারকা ফুটবলার।
বুধবার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছানোর পর ট্র্যাবজনস্পোরের জার্সি গায়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন সালাহ। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় দলবদলগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে।
৩৪ বছর বয়সী সালাহ গত মৌসুম শেষে নয় বছরের সম্পর্কের ইতি টানেন লিভারপুলের সাথে। অলরেডদের হয়ে ২৫৭ গোল করার পাশাপাশি দু’টি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি এফএ কাপ ও দু’টি ইএফএল কাপ জিতেছেন তিনি।
এছাড়া চারবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ও তিনবার পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। ফ্রি অ্যাজেন্ট হিসেবে ট্র্যাবজনস্পোরে যোগ দিচ্ছেন সালাহ। ফলে ক্লাবটিকে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি। যদিও তার বেতন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি হবে ক্লাবের ইতিহাসের অন্যতম বড় চুক্তি।
আজ বৃহস্পতিবার ট্র্যাবজনস্পোরের নিজস্ব মাঠ পাপারা পার্কে সালাহর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। এই উপলক্ষে সমর্থকদের নতুন মৌসুমের জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্র্যাবজনস্পোর এবার ইউরোপা লিগের বাছাইপর্বে খেলবে। প্লে-অফ পেরোতে পারলে মূল পর্বে খেলবে তারা। আর ব্যর্থ হলে সুযোগ পাবে কনফারেন্স লিগে। ফলে আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় সালাহকে খেলতে দেখার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ট্র্যাবজনস্পোর এখন পর্যন্ত সাতটি তুর্কি লিগ শিরোপা জিতেছে। ২০২২ সালে ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। এখন সালাহকে দলে ভিড়িয়ে নতুন সাফল্যের স্বপ্ন দেখছে তুরস্কের ঐতিহ্যবাহী এই ক্লাব।



