ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয় : ইনফান্তিনো

ইনফান্তিনো বলেন, এটি শুধু ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতা, স্পনসরশিপ, সম্প্রচার, লাইসেন্সিং এবং নতুন বাণিজ্যিক উদ্যোগকে আরো সুশৃঙ্খল ও বাণিজ্যিকভাবে পরিচালনা করবে, যাতে ফিফার ২১১টি সদস্য সংস্থা উপকৃত হয়।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো |সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপের বাণিজ্যিক সুবিধা কাজে লাগাতে একটি বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব একটি সুযোগ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়’।

মঙ্গলবার (২৮ জুলাই) ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোতে অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ইনফান্তিনো এই ধারণার পক্ষে অবস্থান নিয়ে বলেন, ফুটবলের বাণিজ্যিক মূল্য থেকে যে আয় হয় তার খুব সামান্য অংশই খেলাটির সবচেয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে পৌঁছায়।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) আসলে একটি প্রস্তাব, একটি অফার। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, একটি পরামর্শমূলক প্রক্রিয়া এবং সর্বোপরি এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নকে দ্রুততর করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে আবারো বলছি, এটি শুধু একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়।’

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো এখনো পর্যন্ত পুরোপুরি কাজে লাগানো যায়নি এমন বাণিজ্যিক মূল্য’ উন্মুক্ত করা।

তিনি জানান, ফিফার ২১১টি সদস্য দেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়া এটি কার্যকর হবে না।

তিনি বলেন, ‘এই মূল্য কাজে লাগাতে অতিরিক্ত দক্ষতা, অতিরিক্ত বিশ্লেষণ ও এমন বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন, যা খেলাটির পরিচালনা ও উন্নয়নের কাজ থেকে আলাদা।’

ইনফান্তিনো বলেন, এটি শুধু ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতা, স্পনসরশিপ, সম্প্রচার, লাইসেন্সিং এবং নতুন বাণিজ্যিক উদ্যোগকে আরো সুশৃঙ্খল ও বাণিজ্যিকভাবে পরিচালনা করবে, যাতে ফিফার ২১১টি সদস্য সংস্থা উপকৃত হয়।

তিনি আরো দাবি করেন, এতে খেলাটির চরিত্র বদলাবে না, বরং সমর্থকেরা আরো বেশি লাভবান হবে, বিশ্বের সব প্রান্তের সমর্থকেরা এই যুগান্তকারী সম্ভাবনা থেকে অপরিমেয়ভাবে উপকৃত হবে, কারণ এটি তাদের দেশে ফুটবলকে রূপান্তরিত করবে। সূত্র : বাসস